নিউজ ডেস্ক: জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, শুক্রবার রাত ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার ভান্নারা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মান্নান এর আগে নাশকতার মোট ১৯টি মামলায় গ্রেপ্তার হয়ে এক বছরের বেশি কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে ছয় মাসের জামিন নিয়ে গত ২ মার্চ মুক্তি পান।
ওই ১৯ মামলার বাইরে নাশকতার ‘পেন্ডিং’ দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান জয়দেবপুরের ওসি রেজাউল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এছাড়া শুক্রবার রাত ৯টার দিকে চান্দনা-চৌরাস্তা এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে সন্দেহভাজন হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্যও আটক করা হয়েছে।”
গত বছরের ১১ ফেব্রুয়ারি ঢাকার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার হওয়ার পর নাশকতার দুটি মামলার অভিযোগপত্রে নাম এলে গাজীপুর সিটির প্রথম এই মেয়রকে একই বছরের ১৯ অগাস্ট সাময়িক বরখাস্ত করে সরকার।
এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট গত সোমবার সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে। একই সঙ্গে রুল দিয়ে মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ হবে না- তা জানতে চাওয়া হয় সরকারের কাছে।
হাই কোর্টের এই সিদ্ধান্তের চারদিনের মাথায় আবার গ্রেপ্তার হলেন মান্নান।
গাজীপুর সিটির এই মেয়রকে পুলিশ রাত ১০টার দিকে গ্রেপ্তারের কথা জানালেও তাকে সন্ধ্যা ৭টার দিকে আটক করা হয় বলে সাংবাদিকদের কাছে দাবি করেন কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবীর খান।
হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, বিকালে মেয়র এমএ মান্নান গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় একাধিক অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর হয়ে কালিয়াকৈরের চা বাগান-মৌচাক সড়ক দিয়ে ঢাকার বাসায় ফিরছিলেন।
“এসময় গাজীপুর গোয়েন্দা পুলিশের একদল সদস্য সন্ধ্যা ৭টার দিকে কালিয়াকৈরের ভান্নারা বাজার এলাকায় মেয়র মান্নানের গাড়ির গতিরোধ করে আটক করে।”
মেয়র মান্নানকে প্রথমে কালিয়াকৈর থানায় নিয়ে ঘণ্টা দেড়েক বসিয়ে রাখা হয় দাবি করে বিএনপি নেতা হুমায়ুন আরও বলেন, পরে গোয়েন্দা পুলিশের সদস্যরা মেয়র মান্নানকে পুলিশের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যান।
এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র এমএ মান্নানকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
গ্রেপ্তারের কয়েকঘণ্টার মধ্যে শুক্রবার মধ্যরাতে এক বিবৃতিতে এ নিন্দা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গাজীপুর সিটির মেয়রকে ‘একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা’ অভিহিত করে বিবৃতিতে মির্জা ফখরুল দাবি করেন, কেবলমাত্র প্রতিহিংসার কারণেই জামিনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করেছে সরকার।

Be the first to comment on "গাজীপুরের মেয়র মান্নান ফের গ্রেপ্তার"