নিউজ ডেস্ক : গোপালগঞ্জে রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ ‘জাতীয় রোভার মুট’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ রোভার মুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার দুপুরে জেলা শহরের মানিকদাহ হাউজিংয়ের রোভার মুটের বঙ্গবন্ধু এরিনায় রোভার মুট স্থানীয় ব্যবস্থাপনা উপকমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ও একাদশ জাতীয় রোভার মুট সংগঠনিক কমিটির সভাপতি মো. শাহ কামাল। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার। লিখিত বক্তব্যে তিনি বলেন, “একাদশ জাতীয় এ রোভার মুট আজ বুধবার থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানটি সফল করতে কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ করে ফেলেছে। মানিকদাহ হাউজিং এলাকা ও টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠে তাঁবু টাঙ্গানো, শৌচাগার নির্মাণ, পানীয় জলের ব্যবস্থাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঠিকাদার ও শ্রমিকরা এসব কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন। ”
সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার বলেন, “সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এ রোভার মুটে সার্কভুক্ত দেশসমূহ ও এশিয়া প্যাসেফিক অঞ্চলের বিভিন্ন দেশ ও বাংলাদেশের ৬৪ জেলার ১০ হাজার রোভার স্কাউট, স্বেচ্ছাসেবক রোভার ও কর্মকর্তারা অংশ নেবেন বলে আয়োজক কর্তৃপক্ষ আশা করছেন। অংশগ্রহণকারী রোভার স্কাউটসরা সপ্তাহব্যাপী কর্মসূচিতে সাত দিনে মুটের ১৫টি আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং প্রোগ্রাম যেমন সুস্থ দেহ সুন্দর মন, তাঁবু কলা, জল তরঙ্গ, বাঁধা পেরিয়ে, অজানার পথে, আনন্দ খেলা, মানুষ মানুষের জন্য, যাবো বহুদূর, জিডিভি, আমার দক্ষতা, বঙ্গবন্ধুর বাংলাদেশ, আমরাও পারি, তাঁবু জলসা, শান্তি ও সম্প্রীতি, আমার সময় ইত্যাদি এবং গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা প্রদর্শন ও নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করবে। ”
সরোয়ার মোহাম্মদ আরো বলেন, “মুট চলাকালে প্রতিদিনই একটি করে ভিলেজ হাইক করে টুঙ্গিপাড়া যাবে। সেখানে একদিন এক রাত অবস্থান করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় গ্রামসমূহের বাড়ি বাড়ি গিয়ে বীজ বিতরণ ও সবজি বাগান, গবাদি ও পশু-পাখির স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য শিক্ষা, মশারি ব্যবহার, হাত ধোয়া, খাবার সংরক্ষণ, জৈব সার, বন্ধু চুলা, বিদ্যুৎ সাশ্রয়, ভূমিকম্প ও বজ্রপাতে করণীয়, শিশু সুরক্ষা, ইভটিজিং, ভাঙা রাস্তা মেরামত ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি ও হাতে-কলমে কাজ করবে। অনুষ্ঠান সফল করতে সব ধরনের ব্যবস্থাই ইতিমধ্যে নেওয়া হয়েছে। ”
একাদশ জাতীয় রোভার মুটের ভেন্যু গোপালগঞ্জ জেলা সদরের মানিকদাহ হাউজিং এলাকায় মুটের মূল এরিনা এবং টুঙ্গিপাড়া ক্যাম্প ইন ক্যাম্প হবে বলে উল্লেখ করে তিনি বলেন, “জাতির পিতার স্বপ্নপূরণে বঙ্গবন্ধুর যে আহ্বান ছিল তা মনে করিয়ে দেওয়ার জন্য মুটের মূল এরিনার নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু অ্যারিণা’ এবং ক্যাম্প ইন ক্যাম্পের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর সহধর্মিনীর নামে ‘শেখ ফজিলাতুন্নেসা ক্যাম্প’। এ ছাড়া রোভার মুটের সমগ্র এলাকা চারটি ভিলেজের অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলি এবং এ এইচ এম কামারুজ্জামানের নামে ভিলেজের নামকরণ করা হয়েছে।

Be the first to comment on "গোপালগঞ্জে কাল একাদশ জাতীয় রোভার মুট উদ্বোধন"