নিউজ ডেস্ক : সিলেটে চিঠি লিখে প্রায় দেড় কোটি টাকা মূল্যের একটি লেক্সাস গাড়ি শুল্ক গোয়েন্দা বিভাগের কার্যালয়ের সামনে রেখে মালিক উধাও হয়েছেন। তবে চিঠিতে তিনি আইনি প্রক্রিয়ায় গাড়িটি নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। মঙ্গলবার রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।
আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘চিঠিতে নিজেকে লেক্সাস গাড়ির মালিক’পরিচয় দিলেও কোনো নাম উল্লেখ করা হয়নি।’ তিনি জানান, চিঠিতে গাড়ি হস্তান্তরের কথা উল্লেখ করে মালিক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আইনি প্রক্রিয়ায় গাড়িটি নিয়ে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। এতে মালিক লন্ডন থেকে গাড়ির কাগজপত্র নিয়ে আসার কথা লিখেছেন।
বিষয়টিকে ইতিবাচক উল্লেখ করে শুল্ক গোয়েন্দা বিভাগের এই সহকারী পরিচালক বলেন, ‘সবাই যদি অবৈধভাবে আনা গাড়িগুলো এভাবে আইনি প্রক্রিয়ায় সমাধানের চেষ্টা করেন, তাহলে দেশ উপকৃত হবে।’ শুল্ক গোয়েন্দা বিভাগের সিলেট আঞ্চলিক পরিচালক ড. মঈনুল খানকে লেখা চিঠিতে গাড়ির বিস্তারিত বিবরণও তুলে ধরেন মালিক। বিবরণ অনুযায়ী ২০০৭ সালে তৈরি বিলাসবহুল লেক্সাস গাড়িটির চেসিস নম্বর জেটিজেএইচকে ৩১ইউ৬০২০১৫৭৮২, ইঞ্জিন নম্বর ২জিপিএ০৫৬৯৬৪। পাঁচ সিটের সিলভার রঙের এই গাড়িটির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলে জানান ড. মঈনুল খান। ড. মঈনুল খান বলেন, ‘২০১১ সালে যুক্তরাজ্য থেকে কেনা গাড়িটি পরে শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে রেজিস্ট্রেশন ছাড়াই চালানো হচ্ছিল। এখন যেহেতু মালিক আইনি প্রক্রিয়ায় গাড়িটির মালিকানা নিশ্চিত করতে চাইছেন, তাতে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোহিতা করা হবে।’ একই প্রক্রিয়ায় অন্যরাও গাড়িগুলো হস্তান্তর করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

Be the first to comment on "চিঠিসহ দেড় কোটি টাকার গাড়ি রেখে মালিক উধাও"