নিউজ ডেস্ক: জঙ্গীবাদকে রুখতে না পারলে কেউই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
তিনি বলেছেন, জঙ্গীবিরোধী জনমত গঠনে আইনজীবী ও আইনজীবী সমিতিগুলোকে আরো এগিয়ে আসতে হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে শনিবার বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত বর্ধিত সভা-২০১৬-এর সভাপতির বক্তৃতায় তিনি এই কথা বলেন।
তিনি বলেন, সাম্প্রতিক জঙ্গীবাদী কার্যক্রম দেশের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে। জঙ্গীবিরোধী জনমত গঠনে সোচ্চার ভূমিকা এবং জঙ্গি প্রতিরোধে সরকারের গৃহীত কার্যক্রমে বার কাউন্সিল সর্বাত্মক সহযোগিতা করবে।
বর্ধিত সভায় সারাদেশের আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা অংশ নেন।
প্রতিনিধিরা আইনজীবীদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। বার কাউন্সিলের নির্বাচিত সদস্য অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু বর্ধিত সভা সঞ্চলানা করেন।
অনুষ্ঠানে বার কাউন্সিলের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন বার কাউন্সিলের নির্বাচিত সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বার কাউন্সিলের নির্বাচিত সদস্য, কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি, বার কাউন্সিলের নির্বাচিত সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, বার কাউন্সিলের নির্বাচিত সদস্য জেড আই খান পান্না, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া, এইচ আর জাহিদ আনোয়ার প্রমুখ।
সভায় দেশের সকল আইনজীবী সমিতিতে আগামী ২৮ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় ‘সন্ত্রাস ও জঙ্গীবিরোধী মানববন্ধন’ পালনে সিদ্ধান্ত নেয়া হয।

Be the first to comment on "জঙ্গীবাদকে রুখতে না পারলে কেউই নিরাপদ নয়"