নিউজ ডেস্ক: বরিশালে প্রথমবারের মত উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। বেসরকারি প্রতিষ্ঠান সামিট পাওয়ার বরিশাল লিমিটেড এর ১১৯ দশমিক ৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি কীর্তনখোলা নদীর তীরে স্থাপন করা হয়। স্থাপিত পাওয়ার প্লান্টটি থেকে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।
সূত্র জানায়, এটি সামিট পাওয়ার লিমিটেডের ১৩তম বিদ্যুৎকেন্দ্র। ২০০৬ সালে ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। প্রথম দিকে ভূমি উন্নয়ন ও পয়েন্টের অবকাঠামো নির্মাণের পর ২০১৫ সালের শুরুর দিকে মূল পয়েন্টের নির্মাণ কাজ শুরু হয়। আর এখানে স্থাপন করা হয় ফিনল্যান্ডের ওয়াটসিলা কোম্পানির সর্বাধনিক এইচএফও ইঞ্জিন। সামিট অয়েল অ্যান্ড শিপিং তাদের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি (ফার্নেস অয়েল) আমদানী ও সরবরাহ করছে। এছাড়া জ্বালানি নিরাপত্তার জন্য ১৫ দিনের মজুত সংরক্ষণে ৭ হাজার মেট্রিক টন জ্বালানি ধারণ ক্ষমতাসম্পন্ন ট্যাংকি বসানো হয়েছে।
একইসঙ্গে জ্বালানি খালাস করতে কেন্দ্রটির পাশে কীর্তনখোলা নদীর পাড়ে স্থাপন করা হয়েছে নিজস্ব জেটি। বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হওয়ার ২ মাসেরও বেশি সময় ধরে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। গত ৫ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে।

Be the first to comment on "জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বরিশালে উৎপাদিত বিদ্যুৎ"