নিউজ ডেস্ক: সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে জেদ্দা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় (স্থানীয় সময় রাত ৮টা) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
গণমাধ্যমকে বিষয়টি জানান রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান মো. নজরুল ইসলাম।
এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ বিন আব্দুল আজিজ, সামরিক বাহিনীর প্রধান লে. জেনারেল মোহাম্মদ আওয়াদ আসিম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, রিয়াদ দূতাবাসের প্রতিরক্ষা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফারুক উল হক, জেদ্দার কনসাল জেনারেল একেএম শহীদুল করিম, রিয়াদ দূতাবাসের মিশন উপ প্রধান নজরুল ইসলামসহ দূতাবাস, কনস্যুলেট এবং সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এর আগে, শুক্রবার বিকেল সোয়া ৪টায় সফরসঙ্গীদের নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Be the first to comment on "জেদ্দা পৌঁছেছেন প্রধানমন্ত্রী"