নিউজ ডেস্ক : রাজধানীর সন্নিকটে টঙ্গী কহরদরিয়া খ্যাত তুরাগ নদের তীরে আগামী ২ ডিসেম্বর থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হবে। এরপর ৬ ডিসেম্বর মঙ্গলবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা। এ উপলক্ষে স্বেচ্ছায় কাজ করছে বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা। তুরাগ নদের তীরবর্তী ১৬০ একর জমি বিস্তৃত ইজতেমা ময়দান প্রস্তুত করতে স্বেচ্ছায় কাজ করছে শত শত মুসল্লি। প্রতিদিন বিভিন্ন এলাকার মুসল্লিরা ময়দানে এসে কেউ মাটি কাটা, খুটি গাঁথা, চটের সামিয়ানা তৈরী, ময়দান পরিস্কারসহ বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন। ঢাকার মোহাম্মদ নগর কামারাঙ্গীরচর এলাকা থেকে ময়দানে আসা মুসল্লি আব্দুল কাদের বলেন, আমরা দুইটি বাসে ১০০জন মুসল্লি ময়দানে স্বেচ্ছায় কাজ করছি। আগামী জোড় ইজতেমা ও বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের সেবা ও আল্লাহকে রাজি খুশি করার জন্যই সেচ্ছায় বিভিন্ন কাজ করছি। এই জোড় ইজতেমায় ঢাকা জেলার তাবলীগ জামাতের লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন। মোনাজাত শেষে মুসল্লিরা জিকিরের তালে তালে ময়দান ত্যাগ করে দ্বীনের কাজে বেড়িয়ে পড়বেন। পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে ইমান, আমলসহ ৬ উসূল সম্পর্কে দেশ- বিদেশী শীর্ষ মুরুব্বীরা বয়ান করবেন। এছাড়া মুসল্লিদের উদ্দেশে ইজতেমার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হবে। জোড় ইজতেমায় আগত মুসল্লিদের সেবা সম্পর্কে গাজীপুর সিটি মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ বলেন, জোড় ইজতেমায় আগত মুসল্লিদের সেবায় ময়দানে ১০০ড্রাম ব্লিসিং পাউডার, পানি সাপ্লাই ও বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়াসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে মুসল্লিদের সেবার কোন ক্রুটি থাকবে না। এদিকে বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি মো. গিয়াস উদ্দিন বলেন, আগামী ২ ডিসেম্বর পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হবে। এরপর আগামাী বছর ১৩ই জানুয়ারী ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। পরে ৪দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারী দ্বিতীয় পর্ব শুরু হয়ে ২২ জানুয়ারী আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ২০১৭ সালের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।
টঙ্গীতে ইজতেমার প্রস্তুতিতে মুসল্লিরাই স্বেচ্ছাসেবক

Be the first to comment on "টঙ্গীতে ইজতেমার প্রস্তুতিতে মুসল্লিরাই স্বেচ্ছাসেবক"