শিরোনাম

টাকার জন্য শিক্ষকের অপমান : স্কুলছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক: সাভারে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে সোনিয়া আক্তার শিমলা (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার বিকেল ৩টায় সাভারের ভাটপাড়া এলাকার আব্দুল খালেক চেয়ারম্যানের ভাড়া দেয়া বাড়ির একটি কক্ষ থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সে স্থানীয় চাইল্ড হেভেন স্কুল নামের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সময়মত স্কুলের টিউশন ফি জমা দিতে না পারায় প্রধান শিক্ষকের অপমান সহ্য করতে না পেরেই নিহত ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক তন্ময় কুমার জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে শনিবার বিকেল ৩টায় ভাটপাড়া এলাকার আব্দুল খালেকের ভাড়া দেয়া বাড়ির একটি কক্ষ থেকে নিহত শিমলার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মাসিক চার হাজার টাকা ভাড়ার ওই কক্ষটিতে শিমলা, তার মা ফুলতারা ও ছোট ভাই বসবাস করতো।

নিহত শিমলার মা ফুলতারার বরাত দিয়ে তন্ময় কুমার জানান, অভাবের সংসারে একমাত্র শিমলাই দশম শ্রেণিতে অধ্যয়নরত। লেখাপড়ার প্রতি প্রচণ্ড ইচ্ছা থাকায় গত বছর পোশাক কারখানার চাকরি বাদ দিয়ে সে স্থানীয় চাইল্ড হেভেন স্কুলে ভর্তি হয়। কিন্তু এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত স্কুলের টিউশন ফি পরিশোধ করতে পারেনি তার মা ফুলতারা।

এ জন্য শনিবার থেকে শুরু হওয়া দশম শ্রেণির টিউটোরিয়াল পরীক্ষায় শিমলাকে বসতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে কথা বলতে সকালে মা ফুলতারাকে নিয়ে স্কুলে যায় শিমলা।

এসময় স্কুলের প্রধান শিক্ষক বাবুল মিয়া শিমলা ও তার মাকে অপমান করে স্কুল থেকে বের করেন দেন। বাসায় ফিরে শিমলা তার মাকে কৌশলে বাজারে পাঠিয়ে দেয়। পরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে জানতে চাইল্ড হেভেন স্কুলে গেলে বিদ্যালয়টি তালাবদ্ধ পাওয়া গেছে। বিদ্যালয়ের গেটে দেয়া মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে পুলিশের করণীয় কি? জানতে চাইলে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক তন্ময় কুমার জানান, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ না পেলে কোনো ব্যবস্থা নেয়া কষ্টকর। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি কোনো নির্দেশনা দেন তাহলে ব্যবস্থা নেয়া হবে।

basic-bank

Be the first to comment on "টাকার জন্য শিক্ষকের অপমান : স্কুলছাত্রীর আত্মহত্যা"

Leave a comment

Your email address will not be published.


*