শিরোনাম

টাঙ্গাইলে অস্ত্র-গুলিসহ আ’লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজকে (৩৮) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উপজেলার নন্দনপুরের নিজ বাসা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শনিবার দুপুরে গোপালপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার বলেন, ‘গোপালপুরে আওয়ামী লীগের দ্বন্দ্ব চরমে। তার ফলশ্রুতিতে এ ধরনের ঘটনা ঘটতে পারে। সম্পাদকের ব্যক্তিগত কিছু বিষয়ে অভিযোগ থাকলেও অস্ত্র রাখার মতো অভিযুক্ত তিনি নন। এটি আওয়ামী লীগের জন্য অশনিসংকেত।’
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফীজুর রহমান জানান, রাতে সাইফুল ইসলামের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তাকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের একটি মামলায় সাইফুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এ ছাড়া তার বিরুদ্ধে ৮টি মামলা আছে। অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় দুপুরে অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।

basic-bank

Be the first to comment on "টাঙ্গাইলে অস্ত্র-গুলিসহ আ’লীগ নেতা গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*