নিউজ ডেস্ক : তনু হত্যায় গোয়েন্দা বাহিনী কিংবা নিরাপত্তা বাহিনী ফেল করেনি। তদন্ত অনুযায়ী সঠিক কাজ করে খুব শীঘ্রই এ বিষয়ে গণমাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বচান পরবর্তী সহিংসতার বিষয়ে নিয়ন্ত্রণ করেন ইসি। এ বিষয়ে ব্যবস্থাও নেন তিনি। আধিপত্য বিস্তারের জন্য এ সকল সহিংসতা হয়ে থাকে। এগুলো কাঙ্খিত নয়, কারোরই কাম্য নয়।’ মন্ত্রী আরো বলেন, ‘এ সকল সহিংসতায় মামলা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। প্রথম ধাপের সহিংসতার থেকে দ্বিতীয় ধাপে অনেকাংশে কম হয়েছে। পরবর্তীতে এ ঘটনা আরো কমবে।’
মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান, বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক পিএসসি মেজর জেনারেল মোঃ নাজিমউদ্দীন, মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনসহ অন্যরা।
তনু হত্যা তদন্তে গোয়েন্দা বাহিনী ফেল করেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

Be the first to comment on "তনু হত্যা তদন্তে গোয়েন্দা বাহিনী ফেল করেনি : স্বরাষ্ট্রমন্ত্রী"