নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আসুন, দল-মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত, সমৃদ্ধ, সুন্দর এবং বাসযোগ্য বাংলাদেশ উপহার দেই।
’
উন্নয়ন মেলা উপলক্ষে আজ রোববার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। দেশের সকল জেলা ও উপজেলায় ৩ দিনব্যাপী এই ‘উন্নয়ন মেলা’ অনুষ্ঠিত হবে।
শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে আমরা নি¤œ-মধ্য আয়ের দেশের মর্যাদা লাভ করেছি। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য-আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব সভায় প্রতিষ্ঠিত করা।
মেলা উপলক্ষে প্রতিদিন সভা, সেমিনার, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, ছবি ও পোস্টার প্রদর্শন এবং দেশাত্মবোধক সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশনের আয়োজন করা হবে।
উন্নয়ন মেলায় জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা, ব্যাংক-বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা অংশগ্রহণ করবে।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, এই উন্নয়ন মেলার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের চলমান উন্নয়ন সাফল্যকে জনগণের সামনে তুলে ধরে তাদের সরকারের উন্নয়ন কাজের সঙ্গে সম্পৃক্ত করা। পাশাপাশি সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সরকারের সাফল্য প্রচার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য এ মেলা বিশেষ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তাগণের পরস্পরের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যা ও সম্ভাবনাসমূহ চিহ্নিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নেও এই মেলা বিশেষ ভূমিকা রাখবে।
শেখ হাসিনা বানীতে বলেন, মেলায় একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বাসস্থান, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে।
বাণীতে প্রধানমন্ত্রী ‘উন্নয়ন মেলা’ ২০১৭ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং মেলার সার্বিক সাফল্য কামনা করেন।

Be the first to comment on "দলমত নির্বিশেষে দেশের উন্নয়নে সবাইকে নিয়োজিত করার আহবান"