শিরোনাম

দুই বরিশাইল্যা নয়াপল্টন দখল করে গেছে!

নিউজ ডেস্ক: বিএনপির নব মনোনীত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের নতুন কমিটির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক পদে নতুন নেতাদের নাম ঘোষণার একদিন পর দুজন যুগ্ম মহাসচিব নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন। এসময় তাদের অনুসারীরা নয়াপল্টনে আনন্দ মিছিল করেন। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এই দুই নেতা। বাদ বাকি নেতাদের রোববার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেখা যায়নি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের আনাগোনা নিয়ে ছাত্রদলের সাবেক এক ভারপ্রাপ্ত সভাপতি বিএনপির নতুন কমিটির সম্ভাব্য নেতা বলেন, ‘দুই বরিশাইল্যা নয়াপল্টন দখল করে গেছে। বাকি নেতাদের খবর নেই। মজিবর রহমান সরোয়ারকে দক্ষিণ বাংলার বাঘ বলা হয়। আর সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল একদম তৃণমুল থেকে জাতীয় রাজনীতিতে শক্তিশাল অবস্থান তৈরি করেছেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেলে রিজভী আহমেদ ৭ যুগ্ম মহাসচিব ও ৮ সাংগঠনিক সম্পাদকের (অবশ্য সন্ধ্যায় নয়াপন্টন থেকে মোবাইল ফোনের ক্ষুদে বার্তায় আরেক সাংগঠনিক সম্পাদকের নামও ঘোষণা করা হয়) নাম ঘোষণা করার পরদিন রোববার সন্ধ্যা পর্যন্ত মাত্র দুজন নেতা নয়াপল্টন কার্যালয়ে এসেছেন। তারা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও মজিবুর রহমান সারোয়ার। এ দুই নেতার বাড়িই বরিশালে।

এদিকে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয়াপন্টনে পর্যবেক্ষণ করে দেখা গেছে, পদপ্রাপ্ত কয়েকজন নেতার অনুসারীরা খণ্ড খণ্ড আনন্দ মিছিল করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে মিছিল বের করা হলেও মূলত নতুন পদপ্রাপ্ত নেতাদের পক্ষে নানা স্লোগান দেন তারা।

তবে নির্বাহী কমিটিতে একসঙ্গে এতগুলো পদ ঘোষণার পরও বিএনপির পক্ষ থেকে ঐক্যবদ্ধ হয়ে আনন্দ মিছিল না করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির এক শীর্ষ নেতা বলেন, ভাই (হাবিব উন নবী খান সোহেল) দলে ভালো পদ পেয়েছেন তাই আনন্দ মিছিল করতে নয়াপল্টনে এসেছি। তবে ভাইয়ের পক্ষে ভিন্ন ভিন্ন মিছিল না করে বিএনপির পক্ষে বিশাল মিছিল বা শোডাউন করলে আরো ভালো হতো বলেও মত দেন তিনি।

সদ্য ঘোষিত বিএনপির যুগ্ম মহাসচিবদের মধ্যে যারা পদ পাওয়ার পরও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসেননি তারা হলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশিদ ও লায়ন আসলাম চৌধুরী।

সাংগঠনিক সম্পাদকরা হলেন ঢাকা বিভাগে দায়িত্বপ্রাপ্ত ফজলুল হক মিলন, চট্টগ্রামে ডা. শাহাদাৎ হোসেন, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, রাজশাহীতে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরিশালে বিলকিস জাহান মিরিন, রংপুরে আসাদুল হাবিব দুলু, ময়মনসিংহে ইমরান সালেহ প্রিন্স ও ফরিদপুরে শ্যামা ওবায়েদ এবং সিলেট বিভাগে দায়িত্বপ্রাপ্ত নেতা শাখাওয়াত হোসেন জীবন।
সূত্র: জাগো নিউজ

basic-bank

Be the first to comment on "দুই বরিশাইল্যা নয়াপল্টন দখল করে গেছে!"

Leave a comment

Your email address will not be published.


*