নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউয়ের রায় ৫ মে (বৃহস্পতিবার)। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার (৩ মে) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন― বিচারপতি নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী।
সকাল সোয়া ৯টায় নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। যুক্তি উপস্থাপন শেষ হয় ১০টা ৫০ মিনিটে। এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন। বেলা ১১টায় আদালত আধাঘণ্টার জন্য মুলতবি ঘোষণা করা হয়। সাড়ে ১১টায় ফের অ্যাটর্নি জেনারেল তার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।
আদালতে নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনকালে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এটা বলার অপেক্ষা রাখে না, মতিউর রহমান নিজামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। কিন্তু যেসব অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, তিনি এগুলো করেছিলেন কি না সেটাই বিবেচ্য। ওই সময় (মুক্তিযুদ্ধকালে) নিজামীর বয়স, অবস্থান ও ক্ষমতা-সক্ষমতার বিচারে তিনি কতটুকু অপরাধ করতে পারেন সেটিও বিবেচ্য বিষয়।’
এর আগে দুই দফায় নিজামীর আপিল আবেদনের ওপর শুনানির জন্য সময় আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগ। ১০ এপ্রিল নিজামীর রিভিউ শুনানি প্রায় তিন সপ্তাহ পিছিয়ে ২ মে নির্ধারণ করেন আদালত।

Be the first to comment on "নিজামীর রিভিউয়ের রায় বৃহস্পতিবার"