নিউজ ডেস্ক : আওয়ামী লীগের বর্তমান সরকার আমলে বিরোধী দল বিশেষ করে নারীদের ওপর নির্যাতনের মাত্রা অতীতের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আজ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গণতন্ত্র হত্যা দিবসের সমাবেশ করতে না পারার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে বক্তব্যে এই দাবি করেন তিনি।
দশম সংসদ নির্বাচনের বছর পূর্তির দিন ৫ জানুয়ারি এবার ঢাকা বাদে অন্য সব জেলায় কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপি; তা করতে গিয়ে বিভিন্ন স্থানে পুলিশ ও ক্ষমতাসীন দলের বাধার মুখে পড়ে তারা।
বৃহস্পতিবারের কর্মসূচিতে বাধার ঘটনাগুলো তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, বরিশালে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র ক্যাডাররা হামলা চালিয়ে মহিলা কাউন্সিলরসহ মহিলা দলের অর্ধশত নেতাকর্মীকে নির্যাতন করে মারাত্মক আহত করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে তাদের বিভিন্ন বাহিনী ও দলীয় ক্যাডাররা নারী নির্যাতনের প্রতিযোগিতাকে অলিম্পিকের স্তরে উন্নীত করেছে।
ভিন্নমত সরকার সহ্য করতে পারছে না দাবি করে রিজভী বলেন, বিরোধী দলের নিশ্চিহ্ন করার জন্যই অনাচারের পথ বেছে নিয়েছে সরকার। এই পথ বেছে নেওয়ার জন্যই অপরাধীরা আশকারা পাচ্ছে। আওয়ামী লীগ সংগঠন নিজেই যেন অপরাধীদের প্রজনন খামার। আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়ার প্রতিবাদে রবিবার সারাদেশে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন রিজভী।

Be the first to comment on "নির্যাতন মাত্রা ছাড়িয়ে গেছে : রিজভী"