নিউজ ডেস্ক : ইউপি নির্বাচনের ভোট গণনাকালে চট্টগ্রামের পটিয়ায় এক প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। তাঁর নাম মাওলানা মনজুর রহমান নূরী (৭০)। তিনি আনোয়ারা উপজেলার বাসিন্দা। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে এই প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।
জানা গেছে, শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মাওলানা মনজুর রহমান নূরী। ভোট গ্রহণ শেষে বিকেলে গণনা শুরু হলে হিটস্ট্রোকে প্রিসাইডিং অফিসার অজ্ঞান হয়ে পড়েন। কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবদুল কাদেরসহ স্থানীয়রা প্রিসাইডিং অফিসারকে পটিয়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার আফরোজা বেগম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হিট স্ট্রোকের কারণে ওই প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, নির্বাচনে সহিংসতায় আশিয়া ইউনিয়নে বাবুল শীল (৬০), মোহাম্মদ জাফর (৩০), বড়উঠান ইউনিয়নে মেম্বার প্রার্থী মোঃ.ইয়াছিন (৩৫) খুন হয়েছেন। এতে পুলিশসহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

Be the first to comment on "পটিয়ায় প্রিসাইডিং অফিসারের মৃত্যু!"