নিউজ ডেস্ক : জাতীয় মাছ ইলিশ রক্ষার স্বার্থে নববর্ষ উদ্যাপনের দিন পয়লা বৈশাখে ইলিশ মাছ খাবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহ্যবাহী জাতীয় মাছ ইলিশ রক্ষার স্বার্থে নববর্ষ উদ্যাপনের দিন অর্থাৎ পয়লা বৈশাখ ১৪২৩-এর খাদ্যতালিকায় ইলিশের কোনো আইটেম রাখছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এ দিনের মেন্যুতে খিচুড়ির সঙ্গে থাকছে বেগুন ভাজি, ডিম ও মুরগির মাংস ভুনা।
প্রসঙ্গত, পয়লা বৈশাখে ইলিশ খাওয়ার সংস্কৃতি দিন দিন বেড়ে চলেছে। এই সময়ে ইলিশ ধরা নিষিদ্ধ থাকায় পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশের দর কয়েক গুণ বেড়ে যায়। এজন্য সরকারিভাবে পয়লা বৈশাখে ইলিশ না খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। তাছাড়া বর্ষবরণে ইলিশ খাওয়া বাঙালি সংস্কৃতির কোনো অংশ নয় বলেও বিশিষ্টজনেরা জানিয়েছেন।

Be the first to comment on "পয়লা বৈশাখে ইলিশ খাবেন না প্রধানমন্ত্রী"