নিউজ ডেস্ক : পাকিস্তানের সিন্ধু প্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার প্রদেশটির জামশরো জেলার থারমাল পাওয়ার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। উদ্ধারকর্মীরা জানান, বাসটি দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে করাচির উদ্দেশে যাচ্ছিল। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে পাশে থাকা একটি মালবাহী ট্রাককে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয় লিয়াকত ইউনিভার্সিটি হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এক জরিপে দেখা গেছে ২০১৩ সালে পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় সাড়ে চার হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

Be the first to comment on "পাকিস্তানের সিন্ধু প্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১২"