শিরোনাম

পাবনায় বোমা হামলায় বৃদ্ধার মৃত্যু, আহত ১

নিউজ ডেস্ক : পাবনা সদরে বোমা হামলায় শতবর্ষী এক নারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।

নিহতের পরিবার পুরনো বিরোধের জেরে বোমা হামলার কথা বলেছে। তবে পুলিশ এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে পারেনি।

পাবনা সদর থানার ওসি এএনএম আব্দুল্লাহ হাসান জানান, বোমা হামলায় নিহত ছামিরনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহত ছামিরন বেওয়া সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর গ্রামের তাজু প্রামানিকের স্ত্রী।

আহত রেশমা খাতুন (২৫) ছামিরনের পুত্রবধূ। তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন রেশমা বলেন, ভোরে ঘর থেকে বের হয়ে শাশুড়িকে নিয়ে টয়লেটে যাওয়ার পথে তাদের লক্ষ করে বোমা ছোড়া হয়।

“বাড়ির লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে শাশুড়ির মৃত্যু হয়।”

আহত রেশমা বলেন, বলরামপুর গ্রাম ও পাশের চর-বলরামপুর গ্রামের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের জেরে চর-বলরামপুর গ্রামের কেউ এ হামলা চালাতে পারে।

ওসি হাসান বলেন, “বোমার আঘাতে ছামিরনের মৃত্যু হয়েছে এটা বোঝা যাচ্ছে। কারা কী কারণে হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। আমরা তদন্ত করে দেখছি।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও বোমার আলামত সংগ্রহ করতে পারেনি। লোকজন ঘটনাস্থলে ভিড় করায় আলামত উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান ওসি হাসান।

basic-bank

Be the first to comment on "পাবনায় বোমা হামলায় বৃদ্ধার মৃত্যু, আহত ১"

Leave a comment

Your email address will not be published.


*