শিরোনাম

পুলিশ হেফাজতে মৃত্যু : ৫ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক : তিন বছর আগে রাজধানীর পল্লবী থানায় পুলিশের হেফাজতে ইশতিয়াক হোসেন ওরফে জনির মৃত্যুর অভিযোগে হওয়া মামলায় ওই থানার তিন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। আদালত আগামী ১৬ মে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। মামলা শুরুর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ঢাকার আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল। মৃত ব্যক্তি একজন ঝুট ব্যবসায়ী ছিলেন। আসামিরা হলেন- এসআই জাহিদুর রহমান খান, এএসআই কামরুজ্জামান মিন্টু, এএসআই রাশিদুল হক, তাদের সোর্স মো. সুমন ও মো. রাসেল।

এদের মধ্যে জাহিদুর আর সুমনকে কারাগার থেকে রবিবার আদালতে হাজির করা হয়। মিন্টু, রাশিদুল জামিনে রয়েছেন। রাসেল পালাতক।

২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি পল্লবী এলাকার একটি বিয়ের অনুষ্ঠান থেকে ঝুট ব্যবসায়ী মো. জনিকে আটক করে পল্লবী থানায় নিয়ে যান পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুরসহ কয়েকজন। তাঁদের নির্যাতনে জনি মারা যান বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই ইমতিয়াজ হোসেন আদালতে মামলা করেন। বিচার বিভাগীয় তদন্ত শেষে ওই পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেওয়া হয়। আজ আদালত তাঁদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়ে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

মামলায় পল্লবী থানার তৎকালীন ওসি জিয়াউর রহমান, এসআই আব্দুল বাতেন, রাশেদ, শোভন কুমার সাহা, কনস্টেবল নজরুলকেও আসামি করা হয়েছিল। কিন্তু বিচার বিভাগীয় তদন্তে তারা অব্যাহতি পান।

basic-bank

Be the first to comment on "পুলিশ হেফাজতে মৃত্যু : ৫ জনের বিচার শুরু"

Leave a comment

Your email address will not be published.


*