নিজস্ব প্রতিবেদক : দুই বছর আগে সাভারে শিল্পী আক্তার নামের বাক ও শ্রবণ প্রতিবন্ধী গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম কুদ্দুস জামান এই রায় দেন। রায় ঘোষণার পর কাঠগড়ায় দাঁড়ানো দণ্ডিত মো. শরীফকে (৪০) কাঁদতে দেখা যায়।
রায়ের বিবরণে বলা হয়, ২০১৪ সালের ৭ জুন ভোররাতে সাভারের জাদুরচর হেমায়েতপুরের বাড়ির শোবার ঘরে ঢুকে স্ত্রী শিল্পী ও শ্যালিকা শিলা আক্তারকে ধারালো কুপিয়ে জখম করেন শরীফ। শিল্পী মারা গেলেও বেঁচে যান শিলা। আহত শিলা নিজেও বাক প্রতিবন্ধী। ঘটনার পর চারজনকে আসামি করে মামলা করেন নিহতের মা সমিরণ বেগম। তবে ওই বছরের ২৮ অগাস্ট জমা দেওয়া অভিযোগপত্রে সাভার থানার এসআই আবুল কাজী শুধু শরীফকেই আসামি রাখেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর খন্দকার আবদুল মান্নান বলেন, দণ্ডিত শরীফ স্বীকারোক্তিমূলক জবানবন্ধীতে বলেছিলেন, অন্য একজনের সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে- এমন সন্দেহ থেকেই তিনি স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেছিলেন। মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে ২১ জনের মধ্যে ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। প্রধান সাক্ষী ছিলেন শিলা আক্তার। শিলা বাক প্রতিবন্ধী হওয়ায় ইশারা ভাষা বিশেষজ্ঞর সহায়তা নেওয়া হয়।

Be the first to comment on "প্রতিবন্ধী গৃহবধূকে হত্যায় স্বামীর ফাঁসির আদেশ"