নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পোন্নত দেশগুলোর সম্মেলন জি-৭-এর আউটরিচ বৈঠকে অংশ নিতে আজ সকালে জাপান যাচ্ছেন। জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠেয় ওই বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রী চার দিনের সরকারি সফরে ঢাক ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট বিজি-১০৭১ সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এসব তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি নাগোয়ার চুবু আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় ৭টা ১৫ মিনিটে অবতরণের কথা রয়েছে। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং জাপানের পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার মিকি ইয়ামাদা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
প্রধানমন্ত্রী শুক্রবার সিমা কানকো হোটেলে জি-৭ সম্মেলনের আউটরিচ অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে বক্তব্য দেবেন। এ ছাড়া জি-৭ আউটরিচ লিডারদের সঙ্গে প্রধানমন্ত্রী ওয়ার্কিং লাঞ্চে অংশ নেবেন। প্রধানমন্ত্রী একই দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গেও বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মিরথি পালা শ্রিসেনার সঙ্গে বৈঠক করবেন। জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবের সঙ্গেও এ দিন তার বৈঠকের কথা রয়েছে। পরে প্রধানমন্ত্রী জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে ট্রেনে নাগোয়া ত্যাগ করবেন। সন্ধ্যায় তিনি টোকিওতে নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন করবেন।
রোববার সকালে প্রধানমন্ত্রী জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রাতঃরাশ করবেন। সেখানে বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সংস্থা এফবিসিসিআই এবং জাপানের ব্যবসায়ী নেতাদের সংস্থা জেটরো এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
রোববার রাত ১১টা ৪৫ (ঢাকার স্থানীয় সময়) মিনিটে প্রধানমন্ত্রীর ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

Be the first to comment on "প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন আজ"