নিউজ ডেস্ক:ফের খেলা নিয়ে ফিল্ম বলিউডে। তবে, এবার ক্রিকেট, হকি বা ফুটবল নয়। এই প্রথম গলফ নিয়ে ছবি। নাম ফ্রিকি আলি। এই ফিল্মের মুখ্য ভূমিকায় রয়েছেন ‘নান আদার দ্যান’ নওয়াজউদ্দিন সিদ্দিকি। তার অনবদ্য অভিনয়ের ধারা যে এই ফিল্মেও অব্যাহত থাকবে, তারই প্রমাণ মিলল ছবির ট্রেলারে।
রবিবার প্রথমে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ফ্রিকি আলির পোস্টার প্রকাশ করেন সালমান খান। এর কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশিত হয় ছবির ট্রেলার। সোহেল খান পরিচালিত এই ছবিতে এক গলির ক্রিকেটারের নামী গলফার হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। গলফ যে শুধু তথাকথিত বড়লোকদের খেলা নয়, সেটাই নিজের অভিনয় দক্ষতায় ফুটিয়ে তুলেছেন নওয়াজউদ্দিন। সঙ্গে রয়েছে হাস্যরসের খোরাকও। নওয়াজ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন আরবাজ খান, অ্যামি জ্যাকসন ও জ্যাস অরোরা। আকর্ষণীয় ট্রেলার ছবিটির প্রতি দর্শকদের উত্সাহ নিঃসন্দেহে বাড়াবে। ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ফ্রিকি আলি।

Be the first to comment on "ফ্রিকি আলী’র ট্রেলারে নওয়াজ ধামাকা"