নিউজ ডেস্ক : ফ্লোরিডার মসজিদে আগুন লাগানোর সন্দেহে একজনকে আটক করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।
সন্দেহভাজন ওই ব্যক্তি এর আগেও বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে মুসলিম বিরোধী পোস্ট করেছেন।
বিদ্বেষ প্রসূত অপরাধের কারণে দোষী প্রমাণিত হলে ৩২ বছর বয়সী জোসেফ মাইকেল শ্রাইবারের ত্রিশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
নাইন ইলেভেনের বার্ষিকীর দিন, রবিবার দেয়া ওই আগুনে ফোর্ট পিয়ের্সের ইসলামিক সেন্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
অরলান্ডোর নাইটক্লাবে হামলাকারী ওমর মতিন মাঝে মাঝে এই মসজিদে নামাজ পড়তে যেতেন।
মসজিদে আগুন লাগানোর এই ঘটনায় সেখানকার মুসলিম বাসিন্দাদের আহত আর ভীত করে তুলেছে বলে মন্তব্য করেছিলেন সহকারী ইমাম হামাদ রাহমান।
সেন্ট লুইস কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, মসজিদের বাইরের একটি পর্যবেক্ষণ ক্যামেরায় মি. শ্রাইবারের মোটরসাইকেলটির ছবি ধরা পড়ে। অন্য যেসব প্রমাণ সংগ্রহ করা হয়েছে, সেগুলোতেও বোঝা যাচ্ছে তিনি আগুন লাগানোর সঙ্গে জড়িত ছিলেন।
ফেসবুকে ইসলাম বিদ্বেষী অনেক মন্তব্য করেছেন মি. শ্রাইবার। ফেসবুকে লেখা তার একটি মন্তব্য ছিল ইসলাম মানেই চরমপন্থি এবং তাদের সন্ত্রাসী আর অপরাধী হিসাবে দেখা উচিত।
চুরির অপরাধে এর আগে তিনি দুই দফায় কারাভোগ করেছেন।
সূত্র : বিবিসি বাংলা
ফ্লোরিডার মসজিদে আগুন লাগানোর সন্দেহে একজন আটক

Be the first to comment on "ফ্লোরিডার মসজিদে আগুন লাগানোর সন্দেহে একজন আটক"