শিরোনাম

বগুড়ায় অস্ত্র-গুলিসহ জেএমবি সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক : বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার ঘটনায় ব্যবহৃত আমেরিকায় তৈরি একে-২২ বোর রাইফেল, বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর ইসাবা সদস্য আব্দুল মোমিনকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার ভোররাতে শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল মোমিন ওই গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে এবং সরকারি আজিজুল হক কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র।

বুধবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ে বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, আব্দুল মোমিনের বাসায় জেএমবি সদস্যরা নিয়মিত বৈঠক করতো। এমন খবর পেয়ে ভোররাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এসময় বাড়ি তল্লাশি করে আমেরিকায় তৈরি একটি  একে-২২ বোর রাইফেল, রাইফেলের ৩টি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা গুলি, একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, মোমিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সে জেএমবির সদস্য। তার কাছ থেকে উদ্ধার হওয়া অত্যাধুনিক রাইফেলটি শিবগঞ্জে শিয়া মসজিদে হামলায় ব্যবহার হয়েছিল। ওই হামলায় অংশ নেয়া জেএমবি সদস্যরা তার বাড়িতে নিয়মিত যাতায়াত করত। তবে, সে নিজে ওই হামলায় অংশ নিয়েছিল কি না তা এখনো স্বীকার করেনি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর মাগরিব নামাজের সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর এলাকায় শিয়া মসজিদে দুবৃর্ত্তরা মুসল্লিদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ওই হামলায় মসজিদের মুয়াজ্জিন নিহত ও ইমামসহ তিনজন গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর পুলিশ ছয়জনকে গ্রেফতার করে।

basic-bank

Be the first to comment on "বগুড়ায় অস্ত্র-গুলিসহ জেএমবি সদস্য গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*