নিউজ ডেস্ক : বুধবার দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে ৬ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেয়।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে যাওয়া খালেক পরিবহনের অপর একটি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ মহিলা যাত্রী এবং পরে হাসপাতালে নেয়ার পথে আরো এক জন মারা যায়। আহত হয় ১৫ জন। দুর্ঘটনার পর পরেই পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় লোকজন আহত ও নিহতদের উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্নস্থানে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারনে বেশ কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয়। হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহত ৬ জনই মহিলা যাত্রী। তাদের বয়স ২২ থেকে ৩০ বছর। দুর্ঘটনায় দুটি বাসের সামনের একাংশ দুমড়ে মুচড়ে যায়। এর মধ্যে খালেক পরিবহনের বাসটি বেশি ক্ষতিগ্রস্থ হয়। দুর্ঘটনাকবলিত বাস ২টি গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেয়া হয়েছে। হাইওয়ে থানার ওসি জানিয়েছেন, বিকাল পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি তবে দ্রুত পরিচয় পাওয়া যাবে।

Be the first to comment on "বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ নারীর মৃত্যু"