শিরোনাম

বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে খালেদা জিয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : দলমত নির্বিশেষে সকলকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে খালেদা জিয়া ভারত থেকে নেমে আসা বন্যার পানিতে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলার ব্যাপক অঞ্চল প্লাবিত হওয়া এবং বন্যা অঞ্চলসমূহে খাদ্য ও সুপেয় পানির ব্যাপক সংকটসহ বানভাসী মানুষদের অবর্ণনীয় দূর্দশায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলায় ভয়াবহ বন্যায় মানুষের প্রাণহানী, হাজার হাজার বাড়ীঘর বিধস্ত, ফসলী জমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে বিপন্ন বন্যাকবলিত মানুষদের প্রতি দেশবাসীর মতো আমিও গভীরভাবে মর্মাহত।

খালেদা জিয়া বলেন, প্রাকৃতিক দুর্যোগ বন্যায় পানিতে ডুবে মৃত্যুবরণকারীদের পরিবার পরিজন এবং দু:খ দুর্দশায় পতিত বেঁচে থাকা মানুষদের সহানুভূতি জানানোর ভাষা আমার জানা নেই। বন্যাকবলিত এলাকায় অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নদী ভাঙ্গনে গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, হাটবাজার নদী ভাঙ্গনের শিকার হচ্ছে। বেঁচে থাকার জন্য খাদ্য, সুপেয় পানি ও ঔষুধের তীব্র সংকটে বন্যাকবলিত মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এ রকম দুর্যোগময় পরিস্থিতিতে সরকার নির্লিপ্ত ও উদাসীন।

খালেদা জিয়া বলেন, বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের সাহায্যার্থে এখন পর্যন্ত ত্রান তৎপরতায় সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। সরকারের সর্বনাশা নীতির কারনেই বেহাল রাস্তাঘাট, অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট এবং লাগামহীন দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, অসহনীয় মুদ্রাস্ফীতিতে দেশ আজ বিপন্ন। তার ওপর এই বন্যার ভয়াবহ ব্যাপকতা বন্যাকবলিত মানুষকে চরম সংকটের দিকে ঠেলে দিবে। আমি উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলাগুলোর বন্যা কবলিত মানুষদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার এবং বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

বিএনপি চেয়ারপার্সন বলেন, এটা সত্য যে, ষড়ঋতুর এ দেশে কষ্টসহিষ্ণু মানুষ যুগ যুগ ধরে প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে নতুন করে সামনের দিকে এগিয়ে গেছে। এবারেও শত প্রতিবন্ধকতা কাটিয়ে বন্যাকবলিত সংশ্লিষ্ট জেলাগুলোর উপদ্রুত মানুষ সংকট নিরসনে সামনের দিকে এগিয়ে যাবে। বিএনপি এই গুরুতর সংকটে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে থাকবে।

basic-bank

Be the first to comment on "বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে খালেদা জিয়ার আহ্বান"

Leave a comment

Your email address will not be published.


*