শিরোনাম

বরিশালের অভ্যন্তরীণ ৬ রুটে বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক :  বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বরিশাল থেকে অভ্যন্তরীণ ৬ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। সোমবার সকাল থেকে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা ও কাঠালিয়া রুটে বাস বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহামুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রবিবার বিকেলে যাত্রীবাহী বাস রুপাতলী টার্মিনাল ছেড়ে যেতে দেরি করলে ঝালকাঠি বাস মালিক সমিতির সজিব রোম্মান পরিবহনের হেলপার শামীম ও সোনারবাংলা পরিবহনের হেলপার রাসেলের মধ্যে বাগ্বিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ওইদিন বিকেলে ঝালকাঠি বাস টার্মিনালে সোনারবাংলা পরিবহন পৌঁছালে সেখানকার শ্রমিক নেতা রহিম বাদশার নেতৃত্বে বরিশালের বাসের স্টাফ রাসেল, আফজাল হোসেন ও মনির হোসেনকে মারধর করা হয়। এর জের ধরে সকালে বরিশাল রুপাতলী বাস টার্মিনালে ঝালকাঠির বাসের চালক জুয়েলকে শ্রমিকরা মারধর করে। এনিয়ে ঝালকাঠি থেকে শ্রমিকরা বরিশালে আসলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কাচারীবাড়ি এলাকায় বরিশাল মালিক সমিতির রাতুল রোহান নামের বাসটি ভাংচুর করে স্টাফ মোশারেফ, শহিদসহ তিনজনকে মারধর করে ঝালকাঠির শ্রমিকরা। ফলে বরিশালের শ্রমিকরা অভ্যন্তরীণ ৬ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।

এ ব্যাপারে বরিশাল জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহামুদ জানান, বিষয়টি সুরাহা করার জন্য ইতোমধ্যে ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সাথে কথা হয়েছে। বিকেলে উভয়পক্ষ বসে এর সমাধান করা হবে। ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, শ্রমিকদের মধ্যে এ সমস্যা দীর্ঘদিনের, দ্রুত এর সমাধান করা হবে।

basic-bank

Be the first to comment on "বরিশালের অভ্যন্তরীণ ৬ রুটে বাস চলাচল বন্ধ"

Leave a comment

Your email address will not be published.


*