নিউজ ডেস্ক : তুরস্কের উপ-প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নুমান কারতুলমুস বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের প্রশংসা করে ভবিষ্যতে দু’দেশের মধ্যে সকল ক্ষেত্রে আরো সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আশা প্রকাশ করেছেন।
এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দিকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি সম্পর্কে ড. নুমানকে অবহিতকালে তিনি এ প্রশংসা করেন।
বাংলাদেশ তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) তুরস্ক চ্যাপ্টারের প্রধান উপ-প্রধানমন্ত্রী ড. নুমান ২০১৭ সালের প্রথমার্ধে দু’দেশের মধ্যে জেইসি’র পরবর্তী বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। জেইসির নিয়মিত বৈঠক দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জেইসি’র পরবর্তী বৈঠক আঙ্কারায় অনুষ্ঠানের ব্যাপারে প্রক্রিয়া চালাতে তাকে পরামর্শ দেন। তারা উভয়েই বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অন্যান্য খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত সিদ্দিকি তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইপে এরদোগানের নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের প্রশংসা করেন।

Be the first to comment on "বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে তুরস্কের প্রশংসা"