নিউজ ডেস্ক : বাগেরহাটের কচয়াু ও চিতলমারী উপজেলায় শুক্রবার রাতে ব্যাপক শিলা বৃষ্টিতে দুই সহস্রাধিক টিনের বাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। বোরো ধান, ভূট্টা, তরমুজ, বাঙ্গী, আম, সবজি-সহ প্রায় সব ফসলে ক্ষেতের অপূরণীয় ক্ষতি হয়েছে। এরমধ্যে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের সোনাকান্দা, জোবাই, বিষেরখোলা, মাদারতলা, গজালিয়া, বটতলা, সাহসপুর-সহ ১০টি গ্রাম বেশি ক্ষতিগ্রস্থ হয়। রবিবার স্থানীয় সংসদ সদস্য এ্যাড: মীর শওকাত আলী বাদশা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।
চিতলমারী সদরের সৈকত কুমার, অজয় বিশ্বাস ও কচুয়ার বিষেরখোলা গ্রামের দুলাল শেখ, শহিদুল ইসলাম বলেন, রাতে হঠাৎ শিলা বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে ৩/৪’শ গ্রাম ওজনের বড় বড় শিলা পড়তে থাকে। পূর্ব গজালিয়া গ্রামের যমুনা রানীর ভাষায় ‘এত বড় শিল জীবনে দেখিনি। শিল পড়ে সব টিনের চাল ফুটো(ছিদ্র) হয়ে গেছে। ঘরের মালামাল সব নষ্ট হয়েগেছে। মাদারতলা গ্রামের প্রবীণ কৃষক জাজ্জাক আলী (৭১) বলেন, আমার বয়সে কোনদিন এতো বড় শিলা দেখিনি। পাথরের আকারের মতো এক একটা শিলা। ঘরবাড়ি আর ফসলের ক্ষেত শেষ। গজালিয়া বাজারের ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, টিন দিয়ে তৈরি বাজারের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। মালামাল ভিজে গেছে।
গজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইসহাক আলী বলেন, শিলা বৃষ্টিতে আমার ওয়ার্ডে যেসব বসত ঘর টিন দিয়ে তৈরি ছিল তার অধিকাংশ ছিদ্র হয়ে গেছে। ঘরের ভেতর থেকে এখন আকাশ দেখা যাচ্ছে। ওইসব ঘর একেবারেই বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে। গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, এ ইউনিয়নে প্রায় চার হাজার বসত ঘর রয়েছে। এর মধ্যে শুক্রবারের শিলা বৃষ্টিতে প্রায় তিন হাজার টিনের তৈরি চাল ক্ষতিগ্রস্থ বসবাসের অনুপোযোগী হয়ে গেছে। তরমুজ, বাঙ্গী, আম, সবজি-সহ ফসলও সব শেষ। এতে গরীব মানুষেরা খুব অসুবিধায় পড়েছে।
কৃষি কর্মকর্তা মোঃ শাশ্বতী এদবর বলেন, শিলাবৃষ্টিতে কচুয়ায় কমপক্ষে ২’শ হেক্টর জমির বোরো ধান ও ১০ হেক্টর জমির ভূট্টার ক্ষতি হয়েছে। কচুয়ার ইউএনও কাজী মাহবুবুর রশিদ জানান, ১০ গ্রামের টিনের তৈরি ৮০ ভাগ স্থাপনার ক্ষতি হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও পুলিশ ফাঁড়ি রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Be the first to comment on "বাগেরহাটে শিলাবৃষ্টিতে ফসল ও ২ হাজার ঘরের ব্যাপক ক্ষতি"