শিরোনাম

বাড়ি ফিরতে রোমাঞ্চিত সাকিব

নিউজ ডেস্ক:সপ্তাহতিনেক আগের কথা। তখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) মাঝপথের খেলা চলছিল। তখনই জ্যামাইকা তালাওয়াসের সাকিব আল হাসান বলেছিলেন, ছোট্ট মেয়ে আলায়না হাসান অউব্রে ও পরিবারকে মিস করছেন তিনি।

জানিয়েছিলেন দেশে ফিরে সম্ভব হলে পরিবার নিয়ে ঘুরে আসবেন। বলেছিলেন, ‘আমি দুই সপ্তাহের ছুটি চাইব। এত ক্রিকেট খেলেছি যে শরীরকে বিশ্রাম দিতে হবে। যদি ছুটি পাই, তখন বউ-বাচ্চা নিয়ে ঘুরতে যাব।’

বোঝাই যাচ্ছে কতটা ‘হোম সিক’ ছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সিপিএলের শিরোপা জিতে ফেলেছেন। এবার বাড়ি ফেরার পালা। দেশে ফেরার সময় যত ঘনিয়ে আসছে ততই যেন রোমাঞ্চিত বোধ করছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

ক্যারিবিয়ান দ্বীপে বেশ ভাল সময় কাটিয়েছেন সাকিব আল হাসান। ছবি: ফেসবুক

সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করেন সাকিব। সেখানেই জানান, বাটিতে ফিরতে কতোটা রোমাঞ্চিত হয়ে আছেন তিনি।

ফেসবুকের নতুন সংযোজন, ফেসবুক লাইভে কথা বলেছেন সেন্ট কিটসের টিম হোটেলের বাইরে সৈকতে একটি রেস্তোরাঁয় বসে।

বললেন, ‘অনেক রোমাঞ্চিত… বাসায় ফেরার জন্য। ৪০ দিনের মতো হয়ে গেছে, ৩০ দিনের বেশি হয়ে গেলেই আমি একটু হোমসিক হয়ে যাই। ৩০ দিনের বেশি থাকতে পারি না বেশির ভাগ জায়গাতে। তাড়াতাড়ি দেশে ফিরব ইনশাল্লাহ। দোয়া করবেন।’

সিপিএলে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব। ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) যোগ দিতে গেল ২৫ জুন বাংলাদেশ ছেড়েছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রায় দেড়মাস আছেন পরিবার ও দেশ থেকে দূরে। তবে, সিপিএলে এরপরও মানিয়ে নিতে সমস্যা হয়নি সাকিবের। ১৩ ম্যাচে ১৬০ রানের পাশাপাশি ১২ টি উইকেটও পেয়েছেন তিনি।

দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নেবেন সাকিব। এরপরে জাতীয় দলের সাথে যোগ দেবেন ফিটনেস ক্যাম্পে। আপাতত তাই, স্ত্রী-কন্যাকে নিয়ে বেড়িয়ে আসার পরিকল্পনাটা তুলেই রাখতে হচ্ছে সাকিবকে।

সব কিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের তিন তারিখ থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজ শুরু হবে। সেই সিরিজ সামনে রেখে সাকিব বললেন, ‘এখন বাংলাদেশে ফিরে কয়েকদিনের ছুটি। এরপর ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি।এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি, খুব ভালো সময় কাটবে আমাদের ইংল্যান্ডের সঙ্গে। দেশে সবাই অনুশীলন করছে। ওদের সঙ্গে আমার ফিটনেস লেভেলও ধরে রাখতে হবে।’

 

basic-bank

Be the first to comment on "বাড়ি ফিরতে রোমাঞ্চিত সাকিব"

Leave a comment

Your email address will not be published.


*