নিউজ ডেস্ক : নেহাৎ মা-বাবার ‘বাধ্য’ সন্তান না হলে, সহসা কোনো ছেলেমেয়েই এখন বিয়ের পিঁড়িতে বসতে চায় না। এক ঝলকে দেখে নেওয়া যাক কেন এ প্রজন্ম ভয় পায় বিয়ের পিঁড়িতে বসতে…..
একটি সময় ছিল যখন ‘বিয়ে’-কে বলা হতো ‘দিল্লি কা লাড্ডু’! কেন? সে রহস্য সকলেরই জানা।
কিন্তু বর্তমান প্রজন্ম আক্ষরিক অর্থে ‘বিবাহ’-কে ‘বন্ধন’ মনে করে। নেহাৎ মা-বাবার ‘বাধ্য’ সন্তান না হলে, সহসা কোনো ছেলেমেয়েই এখন বিয়ের পিঁড়িতে বসতে চায় না। এক ঝলকে দেখে নেওয়া যাক কেন এ প্রজন্ম ভয় পায় বিয়ের পিঁড়িতে বসতে :
১. ক্যারিয়ার সচেতনতা
উচ্চশিক্ষা, চাকরি বা নিজের মতো করে শুরু করা ব্যবসা, সব ফেলে বিয়ের সম্পর্কে আবদ্ধ হওয়া মানেই তো ‘এক্সট্রা রেসপন্সিবিলিটি’। আগে নিজের পায়ে দাঁড়ানোটাই প্রধান লক্ষ্য এ প্রজন্মের।
২. কথা দিলাম, তারপর…..
কোনো অনুষ্ঠান বাড়ি বা পার্টিতে ‘তাকে’ দেখেই মনে হয়েছিল ‘এই আমার সঠিক পছন্দ’। কিন্তু না! কয়েকবার ‘ডেটিং’ করে মনে হল, কোথায় যেন খাপে খাপ হচ্ছে না। তাই, ‘এ নয়, অন্য কেউ’ বলে এগিয়ে চলে একালের ছেলেমেয়েরা। ‘কথা দিয়েছি’ বলেই সারা জীবনের ‘কারাদণ্ড’ মোটেই পছন্দ নয় তাদের।
৩. পারফেক্ট হোমমেকার
এমনও আবার হওয়া সম্ভব নাকি! সারা দিন অফিস করে, সংসারের জন্য স্বাভাবিক ভাবেই সময় কমে গেছে একালের ‘বধূ’দের। তা সত্ত্বেও, তারা একই সঙ্গে সামলে নিচ্ছেন কর্মজীবন ও সংসার। তারা, তাই নিজেদের মতো করে ‘পারফেক্ট’। মা-খালারা অপরাধ নেবেন না, প্নিজ।
৪. ঝট মঙ্গনি, পট বিয়া
এমন নয় যে অনুষ্ঠান করে বিয়ে করতে পছন্দ করে না কেউ। কিন্তু এখনকার দিনে অতশত কাঠখড় পোড়ানো পছন্দের ঊর্ধ্বে হয়ে যায়। কখনও অফিসে ছুটির সমস্যা, কখনও ক্যাশ-ক্রাঞ্চ, কখনও বা এই সব রীতিনীতিকে ‘অহেতুক’ তকমা দিয়ে শুধুই কাগজে-কলমে একে অপরের হওয়াতেই বেশি আগ্রহী এ প্রজন্ম।
৫. বিবাহ বিচ্ছেদ
বিয়ে তো হয়েই গেল। তাও আবার নিজের পছন্দে। কিন্তু, বছর ঘুরতে না ঘুরতেই মনোমালিন্য, ঝগড়া, কোর্ট। ব্যস, সব শেষ। এ ছবি যেন বেড়েই চলেছে দিনে দিনে। তাই বিয়ে না করে সিঙ্গেল থাকাই ভালো বলে মনে করে নতুন প্রজন্ম।
জিজ্ঞেস করলে হয়ত আরও অনেক কারণ দর্শাবে এ প্রজন্ম, বিয়ে না করার দাবিতে। কিন্তু শেষ পর্যন্ত করবেই। কেউ আটকাতে পারবে না।
সূত্র : এবেলা

Be the first to comment on "বিয়ে ছাড়াই তো ভালো আছি….."