নিউজ ডেস্ক: মৌসুমের শেষ সময় হলেও পহেলা বৈশাখের বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালীর ফুলচাষিরা। সে লক্ষ্যে সব প্রস্তুতিও শেষ করেছেন তারা। এ দিনটিতে প্রায় ৩ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা তাদের।
১৯৮২ সালে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে বাণিজ্যিকভাবে প্রথম ফুল চাষ শুরু হয়। সেই থেকে প্রতি মৌসুমে ৫টি উৎসবকে ঘিরে মূল বেচাকেনা করে থাকেন গদখালীর ফুলচাষিরা।
উৎসবগুলোর মধ্যে বসন্ত দিবস, ভালোবাসা দিবস, মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবসের বেচাকেনা শেষ করেছেন তারা। এখন মৌসুমের শেষ সময় পার করছেন তারা। মাঠে পর্যাপ্ত ফুল থাকলেও কোন উৎসব না থাকায় ফুলের দাম নেই বললেই চলে। তবু মৌসুমের শেষ উৎসবটি ঘিরে আশায় বুক বেধেছেন চাষিরা।
আর পহেলা বৈশাখের বাজার ধরতে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানালেন ফুল চাষিরা। এ উৎসবকে ঘিরে প্রায় ৩ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য নেয়া হয়েছে বলে জানালেন বাংলাদেশ ফ্লাওয়ারস্ সোসাইটির সভাপতি আব্দুর রহিম।
যশোরের গদখালী, পানিসারা ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে বর্তমানে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিউলাস, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্র মল্লিকাসহ ১১ ধরণের ফুল।

Be the first to comment on "বৈশাখের বাজার ধরতে প্রস্তুত যশোরের ফুলচাষিরা"