নিউজ ডেস্ক: অতীতের যেকোন সময়ের তুলনায় শিক্ষকরা বেশি বেতন পাচ্ছে। ভবিষ্যতে তাদের বেতন প্রয়োজনে লাখ টাকা করা হবে। তবুও কোচিং বাণিজ্য হতে দেয়া যাবে না। আর শিক্ষকদের সহযোগিতা ছাড়া সরকারের একার পক্ষে এই কোচিং বাণিজ্য বন্ধ করা সম্ভব নয় মন্তব্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার বাংলা একাডেমিতে শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভাটির আয়োজনে ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের অধ্যক্ষরা অংশ নেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান উপাচার্যের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালযের বিভিন্ন সমস্যা সমাধান করে আমরা এই বিশ্ববিদ্যালয়কে কিভাবে আরো আধুনিক এবং গতিশীল করে তুলতে পারি সেজন্য কাজ চলছে। অচিরেই জাতীয় বিশ্ববিদ্যালয় দক্ষ মানব সম্পদ গড়ার কারিগরে পরিণত হবে।’
আলোচনা সভায় বিভিন্ন কলেজের প্রায় ৫৩৫ জন অধ্যক্ষ অংশ নেন। আলোচনা সভায় উপস্থিত প্রায় ২৯ জন শিক্ষক জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা, অসঙ্গতি এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য ড. হারুন-অর-রশিদ বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করে। আর আমরা যদি আমাদের শিক্ষার মান উন্নত করে আধুনিক বিশ্বের শিক্ষা ব্যবস্থার সমতুল্য করে তুলতে পারি তাহলে দেশে আমরা মানবশক্তি গড়ে তুলতে পারব।

Be the first to comment on "ভবিষ্যতে শিক্ষকদের বেতন লাখ টাকা করা হবে : শিক্ষামন্ত্রী"