নিউজ ডেস্ক:স্বাধীনতা দিবসের দিন হামলা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সেই আশঙ্কা আগেই প্রকাশ করা হয়েছে। আর এবার ১৫ আগস্টে কলকাতা শহরে হামলা চালাতে পারে আইএস জঙ্গিরা। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে এবার চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। এনআইএ সূত্রে জানা যাচ্ছে, ১৫ অগাস্ট কলকাতায় হামলা চালাতে পারে আইএস। আর গোয়েন্দা সংস্থার সেই সতর্কবার্তা পাওয়ার পর পরই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং সিআই ডি রাজ্যের সর্বত্র নজর রাখতে শুরু করেছে। ১৫ আগস্ট যাতে কোনওভাবেই জঙ্গিরা হামলা চালাতে না পারে, তার জন্য আগে থেকে সতর্ক কলকাতা পুলিশ। সম্প্রতি, বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয় মুসা নামে এক সন্দেহভাজন জঙ্গিকে। মুসাকে জেরার পর থেকেই এ রাজ্যে আইএস মডিউল রয়েছে বলে খোঁজ শুরু করেন গোয়েন্দারা। রিপোর্টে প্রকাশ, ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রামগুলিতে জামায়াতে-ইসলামির সহযোগিতায় ক্রমশ প্রভাব বিস্তার করছে আইএস। ওই সমস্ত অঞ্চলে শিক্ষিত কিন্তু বেকার যুবকদের অর্থের প্রলোভন দেখিয়ে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করার কাজ শুরু করেছে আইএস। ওই রিপোর্ট প্রকাশ হওয়ার পর থেকেই সতর্কতাও আরও জোরদার করা হয়। সীমান্তবর্তী গ্রামগুলি তো বটেই, বাংলাদেশ পেরিয়ে যাতে কোনও জঙ্গি বা সন্দেহভাজন কোনও ব্যক্তি এ রাজ্যে প্রবেশ করতে না পারে, সেদিকেও কড়া নজর রেখেছেন গোয়েন্দারা। সতর্ক করা হয়েছে বিএসএফ-কেও।
ভারতের স্বাধীনতা দিবসে কলকাতায় হামলা চালাতে পারে আইএস

Be the first to comment on "ভারতের স্বাধীনতা দিবসে কলকাতায় হামলা চালাতে পারে আইএস"