শিরোনাম

ভারত-পাকিস্তান যুদ্ধ আমাদের কাম্য নয় ॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ অঞ্চলে কোনো রকম সংঘাত ও যুদ্ধ আমাদের কাম্য নয়। এই অঞ্চলে শান্তি বজায় থাকুক এটিই আমরা চাই’। রবিবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিকেল ৪টায় শুরু হওয়া গণভবনে এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য সফর সম্পর্কে আলোকপাত করছেন।

ভারত-পাকিস্তানের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা খুবই উদ্বেগজনক। আমরা চাই না, এ নিয়ে কোনো উত্তেজনা তৈরি হোক, কোনো যুদ্ধ-বিগ্রহ তৈরি হোক। এ রকম কিছু হলে ক্ষতিগ্রস্ত আমরাও হব। আমাদের উন্নয়নের যে অগ্রযাত্রা হয়েছে সেটাও ক্ষতিগ্রস্ত হবে। কাজেই এ ধরনের ঘটনা হোক, এটা আমরা চাই না।

এটা দুই দেশের দ্বিপাক্ষিক ব্যাপার। তবে কোনো রকম সংঘাত হোক এ অঞ্চলে এটা আমাদের কাম্য নয়। তারা বসেই এই সংকটের সমাধান করবে বলে জানান প্রধানমন্ত্রী।

এছাড়াও, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিকে (নুর চৌধুরী) দেশে ফেরানোর বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানান, খুনিকে ফিরিয়ে দেওয়ার উপায় খুঁজতে দু’দেশের প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করেন ট্রুডো। আওয়ামী লীগ এর আসন্ন জাতীয় সম্মেলন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ নতুন নেতা বেছে নিলে এবং তিনি অবসরে যাওয়ার সুযোগ পেলে সবচেয়ে বেশি খুশি হবেন বলেও জানান শেখ হাসিনা।

সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কাউন্সিলর ও ডেলিগেটরা যেভাবে চাইবেন, সেভাবেই সব হবে। আমার তো ৩৫ বছর হয়ে গেছে। আমাকে যদি রিটায়ার করার সুযোগ দেয় তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি থাকব। দল ছেড়ে তো আমি যাচ্ছি না। যদি নতুন নেতা নির্বাচিত করা হয়, তাহলে সব থেকে বেশি আনন্দিত হব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গত ৩৫ বছরে এই প্রথম তিনি ব্যক্তিগত ছুটিতে টানা পাঁচ দিন কাটালেন।

এবারের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়া পর পাঁচ দিন ওয়াশিংটনে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় কাটান প্রধানমন্ত্রী। এই সময়টিকেই তিনি তার ব্যক্তিগত ছুটির সময় বলে উল্লেখ করলেন। প্রধানমন্ত্রী বলেন, এই সময়ে যদিও আমি ৫১টি ফাইল স্বাক্ষর করেছি, কিন্তু তাতেও সময়টিকে আমি আমার ছুটি হিসেবেই ধরতে চাই।

১৭ দিনের যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য সফরে প্রধানমন্ত্রী গত ১৪ সেপ্টেম্বর প্রথমেই কানাডা যান। সেখানকার মন্ট্রিয়লে ‘ফিফথ রিপ্লেসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’-এ অংশগ্রহণ এবং কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর ১৮ সেপ্টেম্বর নিউইয়র্ক যান তিনি।

জাতিসংঘে সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় দেশে ফিরলে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত ব্যাপক গণঅভ্যর্থনা দেওয়া হয় প্রধানমন্ত্রীকে।

basic-bank

Be the first to comment on "ভারত-পাকিস্তান যুদ্ধ আমাদের কাম্য নয় ॥ প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*