নিউজ ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় দুই পুলিশ গণপিটুনিতে আহত হয়েছেন। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন এএসআই মুনসুর(৩৭) ও কনস্টেবল রঞ্জু খান (২৯)।
জানাযায়, ভালুকা উপজেলার গোয়ারী গ্রামের মুক্তির বাজারে রবিবার রাত ৮ টায় সাদা পোশাকে ওই দুই পুলিশ সদস্য যান । এ সময় বাজারে একটি ওষুধের দোকানে বসে গল্প করছিলেন খারুয়ালী বালিকা দাখিল মাদ্রাসা শিক্ষক মৌলভী ছিদ্দিকুর রহমান। পুলিশ সদস্যরা দোকানের বাইরে ডেকে এনে তাকে গাঁজা ব্যবসায়ী বলে অভিযুক্ত করেন। একপর্যায়ে মৌলভীর চেয়ারের নীচ থেকে কিছু গাঁজা বের করে আনা হয়। এ ঘটনায় বাজারের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠেন। এ সময় পুলিশের সাথে বাজারের লোকজনের কথা কাটাকাটি থেকে তা পৌঁছায় গণপিটুনিতে। খবর পেয়ে ভালুকা মডেল থানার (ওসি তদন্ত) হযরত আলী ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে আনে ।
ভালুকা মডেল থানার (ওসি তদন্ত) হযরত আলী বলেন, সোর্সের দেওয়া ভুল তথ্যের কারণে ঘটনাটি ঘটেছে। এ নিয়ে পুলিশের তদন্ত চলছে।

Be the first to comment on "ভালুকায় গণপিটুনিতে দুই পুলিশ আহত"