নিউজ ডেস্ক:দিনাজপুরের বীরগঞ্জে বাড়ির পাশে খেলা করার সময় ভিমরুলের হুলে তিন বোনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন তাদের মা। শনিবার বিকালে শিবরামপুর ইউনিয়নের আরাজি লস্কর গ্রামে এ ঘটনা ঘটে বলে বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফখরুল ইসলাম জানান।
মৃত শিশুরা হলো- হাদিছা (৭), ফারজানা (৪) ও এগার মাস বয়সী মিম। তারা সবাই ওই এলাকার ইসলাম মিয়ার মেয়ে। এ ঘটনায় আহত তাদের মা তানজিনা বেগমকে (৩০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরাজি লস্কর গ্রামের স্কুল শিক্ষক রমজান আলী বলেন, শনিবার বিকালে তিন বোন মিলে বাড়ির পাশে বাঁশ বাগানের নিচে খেলা করছিল। এ সময় প্রচণ্ড বাতাসে বাঁশের ডালের ধাক্কায় চাক ভেঙে গেলে ভীমরুল ওই শিশুদের আক্রমণ করে। এ সময় তারা চিৎকার করলে তাদের মা তানজিনা আক্তার (৩২) তার এগারো মাসের মেয়ে মীমকে নিয়ে বাইরে আসলে তাদেরকেও আক্রমণ করে ভীমরুল।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমেদ জানান, আহতদের সকলকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তানজিনা ও মেয়ে মিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঠাকুরগাঁও হাসপাতালে রাতে হাদিছা ও ফারজানার মৃত্যু হয়। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় মিম।
আহতদের সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ায় হাদিছা ও ফারজানার মৃত্য হয়েছে বলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক শুভেন্দ্র চন্দ্র সেন বলেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ বিকাশ মজুমদার বলেন, ভিমরুলের কামড়ে এনাফাইনেক্সিসে আক্রান্ত হয়েছিল মীম ও তার মা। এতে রোগীর রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়, রক্তচাপ কমে যায়। একপর্যায়ে কিডনি বিকল হয়ে যায়।

Be the first to comment on "ভিমরুলের হুলে ৩ বোনের মৃত্যু ॥ অসুস্থ হয়ে হাসপাতালে মা"