শিরোনাম

মারধর: সাংসদ মোস্তাফিজের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক: উপজেলা নির্বাচনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আখতার জানান, শুক্রবার দুপুরে বাঁশখালী থানায় এ মামলা দায়ের করা হয়।

মামলায় সাংসদসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি পুলিশ সুপার।

এ বিষয়ে জানতে চাইলে মারধরের শিকার উপজেলা নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় মামলা করতে বাঁশখালী থানার ওসিকে নির্বাচন কমিশন থেকে লিখিত নির্দেশ দেওয়া হয়।”

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘ফর্দ অনুযায়ী’ ভোটগ্রহণ কর্মকর্তা ‘নিয়োগ না দেওয়ায়’ বুধবার ওই সাংসদ ও তার লোকজন ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করেন বলে জাহিদুল ইসলামের অভিযোগ।

জাহিদুল ইসলাম বলছেন, ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী তাজুল ইসলাম ভোটগ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার) নিয়োগের জন্য তাকে ‘একটি তালিকা’ দিয়েছিলেন। সে অনুযায়ী কাজ না করায় তাকে মারধর করা হয়।

গত এপ্রিলে বিদ্যুৎকেন্দ্র নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনার পর আলোচনায় আসা এমপি মোস্তাফিজ মারধরের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ছাত্রলীগের ছেলেরা ওই নির্বাচন কর্মকর্তার দিকে ‘তেড়ে গিয়েছিল’ শুধু; নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে সহানুভূতি পেতে’ ঘটনাকে ‘অতিরঞ্জিত’ করেছেন।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা জাহিদুলকে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতারও অভিযোগ এনেছেন  আওয়ামী লীগের এই এমপি।

গত ১ জুন ওই ঘটনার পরপরই নির্বাচন কর্মকর্তা জাহিদুল বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেনকে বিষয়টি জানান।

এরপর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ পাঠালে বাঁশখালীর ১১ ইউনিয়নে শনিবার অনুষ্ঠেয় ভোট স্থগিত করা হয়।

সাংসদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা সিদ্ধান্ত জানিয়ে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা নির্বাচন কর্মকর্তা ওই মামলা করবেন।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন সেদিন  বলেন, “উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরসহ ভোটে অযাচিত হস্তক্ষেপ করেছেন স্থানীয় সাংসদ। উনার পছন্দসই ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের জন্য জোর খাটানো হয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা আমাকে জানিয়েছেন। সেখানে ভোটের উপযুক্ত পরিবেশ এখন নেই।”

এদিকে মারধরের ঘটনায় সমালোচনার মধ্যেই সাংসদের অনুসারীরা বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তার অপসারণ চেয়ে উপজেলা সদরে  মিছিল করে।

basic-bank

Be the first to comment on "মারধর: সাংসদ মোস্তাফিজের বিরুদ্ধে মামলা"

Leave a comment

Your email address will not be published.


*