নিউজ ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিশংকপুর এলাকার মহাসড়কের একটি বেইলি ব্রিজ দুটি সিমেন্টবাহী ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা জানান, গোদাগাড়ীর বিজয়নগর-মাটিকাটা বাইপাস সংযোগ সড়কের হরিশংকপুর এলাকায় অবস্থিত লোহার এই ব্রিজটি বেশ কয়েক বছর আগে থেকেই ক্ষতিগ্রস্থ অবস্থায় ছিল। তাই সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সেতুর দুই পাশে ‘পাঁচ টনের অধিক যান চলাচল নিষেধ’ লেখা সম্বলিত দুটি সাইনবোর্ড লাগানো হয়।
তবে দেখভালের কোনো লোক না থাকায় হরহামেশাই ব্রিজটির ওপর দিয়ে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল করতো। বুধবার ভোরে হঠাৎ দুটি ট্রাক নিয়ে ব্রিজটি বিকট শব্দে ভেঙে পড়ে। পরে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর স্থানীয়রা একটি ট্রাকের ভেতর থেকে আহত চালক-হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী ইউনুস আলী জানান, বুধবার ভোররাতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ওই সড়কের গাড়িগুলো বিকল্প পথ হিসেবে বিজয়নগর-মাটিকাটা বাইপাস সংযোগ সড়কে চলাচল শুরু করে।

Be the first to comment on "মালবাহী দুই ট্রাক নিয়ে ভেঙে পড়লো বেইলি ব্রিজ"