নিউজ ডেস্ক : চট্টগ্রামে সাবেক এসপিপত্মী মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় করা অস্ত্র আইনের মামলায় দুই আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নুর মঙ্গলবার দুই আসামি এহতেশামুল হক ভোলা ও মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে শুনানি শুরুর দিন ঠিক করে দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী বলেন, আদালত এ মামলায় সাক্ষ্য শুরুর জন্য ১৮ জানুয়ারি তারিখ রেখেছে।
গত ৫ জুন সকালে চট্টগ্রামের ও আর নিজাম রোডে সন্তানের সামনে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু মিতুকে। ওই মাসের ২৮ তারিখ ভোলা ও মনিরকে দুটি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। বাকলিয়া থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে এ মামলা করা হয়।
পুলিশ বলে আসছে, ওই দুজনের কাছ থেকে উদ্ধার করা পয়েন্ট ৩২ বোরের দেশি রিভলবার ও ৭ দশমিক ৬৫ বোরের পিস্তলটি মিতু হত্যায় ব্যবহার করা হয়েছিল। ভোলাকে হত্যা ও অস্ত্র আইনের দুই মামলায় আসামি করা হলেও তার কর্মচারী মনিরকে শুধু অস্ত্র আইনে গ্রেপ্তার দেখানো হয়। গত ১৪ জুলাই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মনির।

Be the first to comment on "মিতু হত্যা : অস্ত্র মামলার বিচার শুরু"