শিরোনাম

মেগা প্রকল্পের সুবাদে সর্বোচ্চ বরাদ্দ পরিবহনে

নিউজ ডেস্ক: আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন খাত। পদ্মা সেতু, মেট্রোরেল, দ্বিতীয় কাঁচপুর ও দ্বিতীয় মেঘনা সেতুসহ কয়েকটি বড় প্রকল্পের সুবাদে এ অর্থ বরাদ্দ পাচ্ছে খাতটি। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী অর্থবছরে ২৮ হাজার ৫০২ কোটি টাকা বা এডিপির প্রায় ২৬ শতাংশ পাচ্ছে পরিবহন খাত। চলতি অর্থবছরে এ খাতে মোট এডিপির ২১ শতাংশ বা ২০ হাজার ২৩৫ কোটি টাকা বরাদ্দ ছিল।

বৃহস্পতিবার (১২ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদেও নির্বাহী কমিটি (এনইসি) বৈঠকে ২০১৬-১৭ অর্থবছরের এডিপি অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

অন্যদিকে, গত কয়েক বছরের এডিপিতে বিদ্যুৎ খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ছিল। এ খাতে চলতি অর্থবছরেও এডিপির প্রায় ১৭ শতাংশ বা সাড়ে ১৬ হাজার কোটি টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয়। তবে আগামী এডিপিতে বরাদ্দের তালিকায় চতুর্থ স্থানে আছে বিদ্যুৎ। এডিপির প্রায় ১১ শতাংশ বা ১২ হাজার ৫৬৫ কোটি টাকা এ খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে।

নতুন এডিপিতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে শিক্ষা ও ধর্ম। এ খাত পাচ্ছে ১৪ হাজার কোটি টাকা। এরপরই ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ন খাত। এ খাত পাচ্ছে ১৩ হাজার কোটি টাকা, পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান পাচ্ছে ৯ হাজার কোটি টাকা।

এ প্রসঙ্গে পরিকল্পনা বিভাগের সচিব তারিক-উল-ইসলাম বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, পদ্মা সেতু রেল সংযোগের মতো কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে পরিবহন খাতে। আগামী অর্থবছরে এসব প্রকল্পে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিতে না পারলে কার্যক্রম ব্যাহত হবে। এ বিবেচনায় পরিবহন খাতে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, গত কয়েক বছরে বিদ্যুৎ খাতে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এসব প্রকল্প এখন শুধু দক্ষতার সঙ্গে রক্ষণাবেক্ষণ করতে হবে। এ জন্য বরাদ্দ কিছুটা কমলেও কোনো সমস্যা নেই।

সূত্র জানায়, আগামী অর্থবছরে এডিপির আকার দাঁড়াচ্ছে ১ লাখ ৯ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল ৬৯ হাজার ২০০ কোটি টাকা। বৈদেশিক সহায়তা হিসেবে ৪০ হাজার কোটি টাকা। এর বাইরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে প্রায় ৫ হাজার কোটি টাকা রয়েছে।

উল্লেখ, চলতি অর্থবছরে এডিপির আকার ছিল ৯৭ হাজার কোটি টাকা। পরবর্তী সময়ে চার হাজার কোটি টাকা কাটছাঁট করে সংশোধিত এডিপির আকার ৯৩ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।

সূত্র: জাগো নিউজ

basic-bank

Be the first to comment on "মেগা প্রকল্পের সুবাদে সর্বোচ্চ বরাদ্দ পরিবহনে"

Leave a comment

Your email address will not be published.


*