নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ জেএমবি’র নতুন একটি গ্রুপের ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরী এবং আনসারুল্লাহ বাংলা টিমের ‘মাস্টারমাইন্ড’ মেজর (বরখাস্ত) সৈয়দ মোহাম্মদ জিয়াউল হকের বিষয়ে তথ্য দিলে ২০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক এ ঘোষণা দেন।
তিনি জানান, তামিম চৌধুরী এবং মেজর জিয়ার বিষয়ে তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়া হবে। এ দু’জনের প্রত্যেকের বিষয়ে তথ্য দেওয়ার জন্য ২০ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
আইজিপি বলেন, তামিম চৌধুরী নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নতুন গ্রুপের সদস্য এবং জিয়াউল হক আনসারুল্লাহ বাংলাটিমের। গুলশানে হামলার আগে তামিম জঙ্গিদের ব্রিফিং করেছিল বলে পুলিশের কাছে তথ্য আছে।
এদের দুজনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, তারা দেশে আছে না কি বিদেশে এ বিষয়ে এখনো নিশ্চিত না, তবে তামিম গুলশান হামলার আগে বাংলাদেশে ছিল। আমরা তামিম ও জিয়াকে গ্রেফতারের চেষ্টা করছি। তাদের ধরলেই জানা যাবে তাদের উপরে কারা ছিল।
মেজর জিয়া-তামিমকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার

Be the first to comment on "মেজর জিয়া-তামিমকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার"