নিউজ ডেস্ক : কোনও আকষ্মিক বিস্ফোরণ নয়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে পরিকল্পিতভাবেই বিস্ফোরণ ঘটানো হয়েছে। কর্তৃপক্ষ এখনই এর সঙ্গে সন্ত্রাসবাদের সংযোগের কথা বলতে না চাইলেও, ঘটনাস্থল থেকে প্রেশার কুকারের মতো আরেকটি ‘বিস্ফোরক যন্ত্র’ উদ্ধারের পর রহস্য ডালপালা মেলেছে।
শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ম্যানহাটনের চেলসি জেলায় ওই বিস্ফোরণ ঘটানো হয়।ওই বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হন। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় মেয়র বিল ডে ব্লাসিও এই ঘটনাকে ‘পরিকল্পিত’ বলে উল্লেখ করেন। তবে এর সঙ্গে কোনও সন্ত্রাসী সংযোগের তথ্য পাওয়া যায়নি বলেও জানান। নিউ জার্সি শহরে একটি পাইপ বোমা বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই এ বিস্ফোরণটি হলো।
বিল বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ‘এটি একটি পরিকল্পিত বিস্ফোরণ। তবে ঘটনার সঙ্গে কোনও সন্ত্রাসী কর্মকাণ্ডের সংযোগ সম্পর্কে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।’
গোয়েন্দা সংস্থা এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রেশার কুকারের মতো আরেকটি ‘বিস্ফোরক যন্ত্র’ একই এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। কর্মকর্তারা জানান, তারা ওই প্রেশার কুকারের সঙ্গে তার দিয়ে প্যাঁচানো একটি মোবাইল ফোন দেখতে পান। পুলিশ জানিয়েছে, ওই যন্ত্রটি নিরাপদভাবেই সরিয়ে ফেলা হয়েছে।

Be the first to comment on "ম্যানহাটনের বিস্ফোরণে রহস্যের গন্ধ"