নিউজ ডেস্ক : হঠাৎ করে যশোরের চৌগাছা এলাকার ৩ ছাত্র নিখোঁজ হয়ে গেছে। জানা গেছে, রবিবার দুপুর আড়াইটার পর থেকে শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির তিন ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ তিন ছাত্র হলো চৌগাছা থানা পাড়ার ভাড়াটিয়া শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম শাওন (১৩), চৌগাছা পশ্চিম কারিগরপাড়ার আরিফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৩) ও চৌগাছা বাকপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে তানভির আহমেদ তন্ময় (১৩)। তারা তিনজন পরস্পর বন্ধু ও একই ক্লাসের শিক্ষার্থী। গতকাল রাতে চৌগাছায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরি নম্বর ৯৫২।
নিখোঁজ আশরাফুল ইসলাম শাওনের বাবা শফিকুল ইসলাম সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, ২২ জানুয়ারি (শনিবার) দুপুর আনুমানিক আড়াইটার দিকে তার ছেলে চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম শাওন প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। বাড়িতে না ফেরায় সকল আত্মীয়ের বাড়িতে খোঁজখবর নিয়ে জেনেছি কোনো আত্মীয়র বাড়িতে সে যায়নি। বাসায় খোঁজাখুঁজি করে জানতে পেরেছি শাওন বাড়ি থেকে যাওয়ার সময় জামা প্যান্ট, শীতের কাপড় ও ৩/৪টা বই এবং আনুমানিক ৯ হাজার টাকা নিয়ে গেছে। আমার ছেলের সব বন্ধুর বাড়িতে খোঁজ নিয়ে জানতে পেরেছি, তার অপর দুই বন্ধু আশরাফুল ইসলাম ও তন্ময়কেও পাওয়া যাচ্ছে না।
অপর দুই অভিভাবকও একই কথা জানিয়েছেন।
চৌগাছা থানার উপ-পরিদর্শক আনোয়ারুল আজিম বলেন, নিখোঁজ তিন শিক্ষার্থীর বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি তারা বাড়ি থেকে জামাকাপড় ও টাকা নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, পরিবারের কাউকে না বলে তিন বন্ধু কোথাও বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমরা খোঁজখবর নিচ্ছি। সকল থানায় তিন কিশোর নিখোঁজ ম্যাসেজ দিয়েছি। একইসঙ্গে পরিবারের লোকজনও খোঁজখবর নিচ্ছে।

Be the first to comment on "যশোরের তিন স্কুল ছাত্র নিখোঁজ!"