নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় শাহিদা বেগম (২২) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বাড্ডায় আলাতুন্নেসা স্কুলগলির গ-৫/১ নং বাসার দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহিদার বোন-জামাই মো. নাসির ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।
তিনি বলেন, বছর চারেক আগে পরিবারের অমতে আনিছকে বিয়ে করে শাহিদা। বিয়ের পরপরই আমরা জানতে পারি, আনিছের আগেও একজন স্ত্রী আছে।
এ সত্ত্বেও শাহিদা তাকে বিয়ে করে রামপুরায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে। শাহিদা সে সময় গার্মেন্টসে কাজ করতো। তিনি আরো বলেন, কিছুদিন যাবৎ জানতে পেরেছি, আনিছকে ছেড়ে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে শাহিদা। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
এদিকে, বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, শাহিদাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Be the first to comment on "রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার"