নিউজ ডেস্ক : মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকে পুলিশ লাঞ্ছিত করার অভিযোগে শনিবার ভোর ৫টা থেকে রাজশাহীতে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন শ্রমিকনেতারা।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. গাজী।
তিনি বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব উদ্দিনকে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত কুমার রায় লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী বাসস্ট্যান্ডে বিক্ষোভ করেন।
ওই বিক্ষোভ থেকেই শনিবার ভোর ৫টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। এদিকে বাস শ্রমিকদের একাধিক সূত্র জানায়, মাহাতাবের এক অনুসারীকে মহানগর ডিবি পুলিশ শুক্রবার রাত ৯টার দিকে আটক করে। মাহাতাব তাকে ছাড়াতে ডিবি কার্যালয়ে তদবির করতে যান। এ সময় সহকারী কমিশনার সুশান্ত কুমারের সঙ্গে মাহাতাবের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুশান্ত কুমার মাহাতাবকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন শ্রমিকনেতারা। এর জের ধরেই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে কথা বলার জন্য সুশান্ত কুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Be the first to comment on "রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট"