নিউজ ডেস্ক:বয়স তার সবেমাত্র ১৩। এবারের অলিম্পিকের সর্বকনিষ্ঠ প্রতিযোগী। একবছর আগেই ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। সেদিন জীবন বাঁচাতে টেবিলের নিচে লুকিয়েছিলেন ছোট্ট গৌরিকা। এবার নিজেই রিও অলিম্পিকে ঝড় তুলে দেশের মুখ উজ্জ্বল করলেন কিশোরী গৌরিকা সিং।
রিওতে এসেও ঝক্কি কম পোহাতে হয়নি গৌরিকার! প্রথমে তো নিরাপত্তাকর্মীরা ঢুকতে দিতেই চাচ্ছিলেন না তাকে। তাদের ধারণাই ছিল না, এ বয়সে কেউ অলিম্পিকে অংশগ্রহণ করতে পারেন। পরে নিজের পরিচয়পত্র দেখিয়েই ঢুকতে হয়েছে গৌরিকাকে!
এত ঝামেলার পর ১৩ বছর ২৫৫ দিন বয়সেই অলিম্পিকের মঞ্চে এসেছেন গৌরিকা। এসেই অলিম্পিক অ্যাকুয়াটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সাঁতারের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে হিটে প্রথম হয়েছে সে। তবে হিটে নামার আগে এক দুর্ঘটনা! বলা নেই কওয়া নেই হঠাৎ করেই ছিঁড়ে গিয়েছিল তার সাঁতারের পোশাক। পরে লন্ডন থেকে কোচের পরামর্শে নতুন পোশাক পরেই সাঁতরাতে নামতে হয় পুলে। অবশ্য নতুন পোশাকে খেলায় কোনো সমস্যা হয়নি।
তবে স্বপ্নযাত্রাটা তার দীর্ঘস্থায়ী হয়নি। হিটে প্রথম হলেও ১ মিনিট ৮.৪৫ সেকেন্ড সময়টা পরের রাউন্ডের জন্য যথেষ্ট ছিল না। গৌরিকার এতে কোনো আফসোস নেই। নিজের পারফরমেন্সে তৃপ্ত গৌরিকা লাজুক মুখে বলে দিল, ”দেশকে গর্বিত করা এক অসাধারণ অনুভূতি।” সেই সঙ্গে বুঝিয়ে দিল তার যাত্রাপথ আরও বহুদূর, এটা তো কেবল শুরু

Be the first to comment on "রিওতে নেপালের কিশোরী গৌরিকার ঝড়"