নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোমবার (১জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে একজন শ্রমিকের মৃত্যূ হয়েছে। নিহত রজিবুল বিশ্বাস নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের মোস্তাইন বিশ্বাসের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে,উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের মিরাজ মোল্যার বাড়িতে গাছকাটার জন্য রজিবুলকে খবর দেয়। রজিবুল ওই বাড়িতে এসে বিদ্যুতের খুঁটি থেকে বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করার সময় অসাবধানবসতঃ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রজিবুল দীর্ঘদিন ধরে লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের সাব ষ্টেশনে পার-টাইম শ্রমিক হিসেবে কাজ করে আসছিল। তার স্ত্রীসহ এক বছর মেয়ে ও ৫ বছরের ছেলে সন্তান রয়েছে। এদিকে, রজিবুলের অপমৃত্যুর ঘটনায় নড়াইল জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক (ডিজিএম) দিলীপ কুমার বাইনকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যশোর পল্লী বিদ্যূৎ সমিতি-২ এর ব্যবস্থাপক (জিএম) অরুন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো.মোকাররম হোসেন বলেন, নিহতের লাশ ময়না তদন্ত সম্পন্ন করে তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Be the first to comment on "লোহাগড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যূ তদন্ত কমিটি গঠন"