নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ২৪০জন হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত ভিজিএফ’র ৩.৬০০ মেট্রিকটন চাউল পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১আগষ্ট) দুপুরে এড়েন্দা বাজারে অবস্থিত স্থানীয় আ’লীগ কার্যালয়ে চেয়ারম্যান মতিয়ার রহমানের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য রবিউল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, গত ঈদুল আযহা উপলক্ষে অত্র ইউনিয়নে ৪১.৫৫০ মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত চাউল ইউপি সদস্য ও পিআইসি আব্দুল অহেদ শেখ লোহাগড়া খাদ্য গুদাম থেকে উত্তোলন ও বিতরণের ক্ষমতাপ্রাপ্ত হন। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামরান হোসেন ৩.৬০০ মেট্রিকটন চাউল না দিয়ে গড়িমসি করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। চাউল না দেওয়ায় ইউনিয়নের ২৪০টি পরিবার ভিজিএফ এর চাউল হইতে বঞ্চিত রয়েছেন। বিষয়টি নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে শাস্তিরও দাবি জানান তিনি।
উল্লেখ্য গত ৯ আগষ্ট কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ১২০ বস্তা ভিজিএফ’র চাল কাশিপুর ইউনিয়নের শেষ প্রান্ত চায়না প্রজেক্টের সামনে পাকা রাস্তার ওপর থেকে আটক করেন লোহাগড়া থানা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এসএমএ করিম বাদী হয়ে গত ১০ আগষ্ট কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মতিয়ার রহমানসহ পাঁচজনকে আসামী করে লোহাগড়া থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহারের বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক)’র তদন্তাধীন হওয়ায় লোহাগড়া থানা পুলিশ সকল নথিপত্রসহ দুদকের আঞ্চলিক কার্যালয় যশোরে প্রেরন করেন। দুদকের প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা পাওয়ায় মামলা আমলে নিয়ে পূণাঙ্গ তদন্ত করছেন বলে জানা গেছে।
অনুষ্ঠিত সম্মেলনে কাশিপুর ইউপি সদস্য আব্দুল অহেদ শেখ, হাফিজুর রহমান বাকা, ছলেমান শেখ, ইব্রাহিম মোল্যা, শহিদুল ইসলাম, কাজি রওশন আলম, মর্জিনা খানম, বিনা রানী ভট্টাচার্য্য সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এড়েন্দা বাজার সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Be the first to comment on "লোহাগড়ায় ২৪০পরিবার ভিজিএফ’র চাউল বঞ্চিত ॥ দোষির শাস্তির দাবিতে মানববন্ধন"