নিউজ ডেস্ক: হাতজোড় করে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতাসহ জাতীয় পার্টির সংসদ সদস্যরা। রোববার বিকেল ২টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডাকেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। ঠিক ২টার আগেই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সংবাদ সম্মেলন কাভারে উপস্থিত হন।
কিন্তু নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পরে অর্থাৎ বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে উপস্থিত হন জাপার সাবেক মহাসচিব জিয়া উদ্দিন বাবলুসহ অন্য সংসদ সদস্যরা। এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকরা সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন। এসময় জিয়া উদ্দিন বাবলু, জাপা প্রধান হুইপ তাজুল ইসলামসহ এমপিরা সরি বলে ক্ষমা চান।
এরপরই ৩টা ৩৫ মিনিটে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সংবাদ সম্মেলন স্থলে আসেন। এসময় উপস্থিত সকল মিডিয়ার সাংবাদিকদের কাছে বিলম্ব হওয়ার জন্য সরি বলেন তিনি।
জাপা নেতা ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা আপনাদের নিকট ক্ষমা চাচ্ছি। প্লিজ, আপনারা চলে যাবেন না।
তার সঙ্গে সুর মিলিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেরি করে সংবাদ সম্মেলন শুরু করার জন্য দুঃখিত। আপনাদের বসিয়ে রাখার জন্য আমরা ক্ষমা চাচ্ছি। সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতাসহ দলটির অন্তত ১৫ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

Be the first to comment on "সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন জাপার এমপিরা"